নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুরে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড (আইসিসিএল) নামে আন্তর্জাতিক মানের কনভেনশন হলের যাত্রা শুরু হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হলটির উদ্বোধন করা হয়।
মিরপুরের দারুস সালাম রোডের টেকনিক্যাল মোড়ে এশিয়া সিনেমা হলের ভবনটি রূপান্তর করে এই কনভেনশন হল করা হয়।
হলটির উদ্বোধনের সময় দেশের শীর্ষস্থানীয় করপোরেট অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজন করা হয় জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার।
এশিয়া সিনেমা হলটিকে একটি তিনতলা ভবনে রূপান্তর করে আন্তর্জাতিক মানের ভেন্যু তৈরি করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আইসিসিএল’র নির্বাহী পরিচালক প্রদীপ সান্যাল বলেন, ‘পাঁচ তারকা মানের আসবাব, লিলেন, সাউন্ড, লাইট, কিচেন, লন্ড্রি, বেকারি বিদেশ থেকে আমদানি করে বিদেশি দক্ষ জনবল দিয়ে কাজ সম্পন্ন করা হয়েছে। প্রায় ২০ হাজার বর্গফুটের মিলনস্থলটি সাজানো হয়েছে ঢাকার অভিজাত পরিবার এবং করপোরেট ইভেন্টের জন্য।’
উদ্যোক্তা গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) শামীম বিল্লাহ’র দাবি, আইসিসিএল একটি ইউনিক ভেন্যু, যা গতানুগতিক কনভেনশন হল থেকে স্বকীয়। এর কিচেনটি দেশের ভেতরে একমাত্র স্টেট অব আর্ট যন্ত্রপাতি দিয়ে সুসজ্জিত; এমনকি ডিস ওয়াশ, মাংস কাটার সব যন্ত্রপাতি অটোমেশন করা।
উদ্বোধনী অনুষ্ঠানে আসা অতিথিরা হলটি ঘুরে দেখে সন্তোষজনক অনুভূতি ব্যক্ত করেন।
Leave a Reply