ফেনী জেলা প্রতিনিধি,
ফেনীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র এক ঘণ্টাতেই ১২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি জেলায় চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত।
সরেজমিনে দেখা যায়, টানা বর্ষণে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকা, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকার নিচু সড়কগুলো এখন পানির নিচে।
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন জানান, প্রবল বৃষ্টির কারণে ড্রেন ও খাল দিয়ে পানি নামার গতি ধীর হয়ে পড়েছে, যার ফলে শহরের বিভিন্ন সড়কে জলজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌরসভার ১২টি দল ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, ‘মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এর বড় অংশটিই হয়েছে বেলা ১১টা থেকে ১২টার মধ্যে (১২৬ মিলিমিটার)। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত।’
তিনি আরও জানান, আগামী ২-৩ দিন জেলাজুড়ে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply