নুরুল আলম সিকদার কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে ১ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ মো. রিদুয়ান (২১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ব্যাটারিচালিত অটোতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. রিদুয়ান টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়া বাজার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, তল্লাশির একপর্যায়ে অটোর সামনের লাইটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটো ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।