1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

তিন মাসে ছয় আলোচিত ঘটনায় হরিরামপুরে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি
মাত্র তিন মাসের ব্যবধানে একের পর এক আলোচিত ও উদ্বেগজনক ঘটনায় মানিকগঞ্জের হরিরামপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত উপজেলায় অন্তত ছয়টি গুরুতর ঘটনা সামনে এসেছে।
এসব ঘটনার মধ্যে রয়েছে শিশু হয়রানি, ধর্ষণের অভিযোগ, থানায় জব্দ করা মোটরসাইকেল উধাও, পর্যটকের ওপর হামলা ও লুটের অভিযোগ, পুলিশ পরিচয়ে হয়রানি এবং পদ্মা নদীতে বালু উত্তোলন ও চ্যানেল চার্জ আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ।
সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে নারী ও শিশুকে ঘিরে ওঠা অভিযোগগুলো। জুলাই মাসে উপজেলার বলড়া ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। একই সময়ে আজিমনগর ইউনিয়নে বাক্‌প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগেও মামলা হওয়ার খবর প্রকাশিত হয়।
আগস্টে হরিরামপুর থানায় জব্দ করে রাখা একটি মোটরসাইকেল উধাও হওয়ার ঘটনা আলোচনায় আসে। এ ছাড়া পদ্মাপাড়ে বেড়াতে আসা এক পর্যটকের ওপর হামলা করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে কয়েকজনকে আটক করে পুলিশ।
এ সময় পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও সামনে আসে। এ ঘটনায় পুলিশের এক সদস্যকে প্রত্যাহারের খবর প্রকাশিত হয়।
অন্যদিকে, ২১ আগস্ট পদ্মা নদীতে চলাচলকারী বাল্কহেড থেকে চ্যানেল চার্জ আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন বলে সংবাদে উল্লেখ করা হয়।
সবশেষে সেপ্টেম্বর মাসে গালা ইউনিয়নের ঝিটকা সোনাকান্দা এলাকায় ১১ বছরের এক শিশুকে হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তারের খবরও প্রকাশিত হয়েছে।
পরপর এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নারী ও শিশুকে ঘিরে অভিযোগ, নদীকেন্দ্রিক বিরোধ এবং থানায় জব্দ করা মালামাল উধাও হওয়ার মতো ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয়দের দাবি, এসব ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং নারী-শিশুসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোনে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..