রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের ‘পরিকল্পিত সন্ত্রাসের’ মাধ্যমে দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন।
মিছিলটি ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গোলাকান্দাইল গোলচত্বরে মিছিল শেষ করে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালিয়ে আসছে। যেই স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়েছে, সেই স্বৈরাচার আর এই দেশে ফিরে আসবে না।’
তিনি আরও বলেন, ‘এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র করার নির্দেশ দিচ্ছে। এখন থেকে যারা নৈরাজ্য সৃষ্টি করবে, তাদের ধরে আইনের কাছে সোপর্দ করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। তাঁরা রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানান।