তানিয়া ইসলাম ঝিনুক
ছবি: জিয়াউর রহমানের প্রথম সমাধির স্মৃতিসৌধ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়া নগরে (পোমরা) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) তারা জিয়াউর রহমানের প্রথম সমাধির স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরে তারা সেখানে বৃক্ষরোপণ করেন।
এ সময় তারা মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে চট্টগ্রাম জেলা ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী চট্টগ্রামের ইস্টার্ণ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শনে যান। পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন ওই সম্পত্তিতে ভবিষ্যতে প্রশাসনিক ও উৎপাদনমুখী কোনো প্রকল্প নেওয়া যায় কি না, তা দেখতে তারা সেখানে গেছেন। এ ধরনের প্রকল্পের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের রাজস্ব আয় বাড়ানোর সম্ভাবনাও তারা যাচাই করছেন।