কুমিল্লাপ্রতিনিধি :
নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বাগমারা জোনাল অফিসের উদ্যোগে এক বিশেষ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) উপজেলার বারপাড়া আমেনা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুমিল্লা পবিস-২ এর সমিতি বোর্ড সভাপতি জনাব নজির আহমেদ।
সভায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পবিস-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক (প্রশাসন) জনাব শেখ নুরনবী জিন্না, আমেনা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক জনাব ড. মাহবুবুর রহমান, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আবু তাহের এবং বারপাড়া ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মমতাজ উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে বাগমারা জোনাল অফিসের ডিজিএম, ডিজিএম (কারিগরি), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, সমিতি সদস্য, এলাকার সাধারণ গ্রাহক এবং বিদ্যালয়ের শিক্ষক-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রাহক সমাবেশে উন্মুক্ত প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে সাধারণ গ্রাহকদের বিভিন্ন সমস্যার কথা সরাসরি শোনা হয় এবং তা সমাধানের আশ্বাস দেওয়া হয়। সভায় নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করা, লোডশেডিং ব্যবস্থাপনা, ওভার বিলিং সমস্যার দ্রুত সমাধান, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়া, ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, প্রিপেইড মিটারের সুবিধা এবং বিদ্যুৎ বিলের ডিমান্ড চার্জ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপস্থিত বক্তারা নিরবচ্ছিন্ন ও গুণগত সেবা বজায় রাখতে সমিতি ও গ্রাহকের যৌথ সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন এবং বিদ্যুৎ অপচয় রোধে সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।