কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতদের পুত্রবধূ শিউলী বেগমকে (২৫) আটক করা হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, মীর বাড়ির পল্লী চিকিৎসক সৈয়দ বিলাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৫)।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।
স্থানীয় পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ‘নিহতের স্বজনরা জানিয়েছেন, রোববার মধ্যরাতে সাত থেকে আট জনের একটি দল ঘরে ঢুকে ওই দম্পতির কাছে কিছু একটা চেয়েছিলো। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মারধর করে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।’
নাম প্রকাশ না করার শর্তে নিহতদের এক প্রতিবেশী বলেন, ‘প্রায় দুই মাস আগে সৈয়দ বিলাল হোসেনের বাড়িতে ডাকাতি হয়। ওই সময় লুট হওয়া মালামাল কিছুদিন পরে পুত্রবধূ শিউলী বেগমের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে শিউলি স্বীকার করেন, ডাকাতির ঘটনা তিনি সাজিয়েছিলেন। এরপর এমন কাজ আর কখনও করবেন না জানিয়ে শিউলি ফের শ্বশুরবাড়িতে আসেন। স্থানীয়দের ধারণা, হত্যাকাণ্ডের পেছনেও তিনি জড়িত থাকতে পারেন।’
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পুত্রবধূ শিউলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
Leave a Reply