কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও এসআরবি-৭-এর যৌথ আভিযানিক দল।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মিজানুর রহমান (২৭) ও আব্দুল মোনাফ (২৭)। মিজানুর রহমান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি গ্রামের আব্দুল্লাহর ছেলে। অপর আসামি আব্দুল মোনাফ টেকনাফের বালুখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এসআরবি-১৫-এর ১০ নভেম্বর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে মো. মোক্তার কামাল (৩৯) ও মো. আকবর (২৩) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার পর এজাহারনামীয় আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরে গোয়েন্দা নজরদারি, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে এসআরবি-১৫ ও এসআরবি-৭-এর যৌথ আভিযানিক দল।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৯ নভেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে পশ্চিম ফরিদাপাড়া এলাকার এমএএস টেলিকম দোকানের সামনে অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাত্র ১০ মিনিট পর বিকেল ৫টা ৩৫ মিনিটে একই এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৪ নম্বর আসামি আব্দুল মোনাফকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।