1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

নোয়াখালী বাবাকে খাবার দিতে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু, এখনো খোঁজ মেলেনি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত
৪১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় বাবার কাছে দুপুরের খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে পড়ে মো. তামিম (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ঘটনার একদিন পেরিয়ে গেলেও ডুবুরি দল না থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে ডুবুরি দলের অনুপস্থিতিতে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

নিখোঁজ তামিম ওই গ্রামের জেলে শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবারও মাছ ধরতে মেঘনা নদীতে যান শাহাদাত। দুপুরের দিকে বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে নদীর ধারে যায় তামিম। খাবার খাওয়ার পর শাহাদাত নদীর পাড়ে উঠে চা পান করছিলেন। এ সময় তামিম তার সমবয়সী এক চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। ঘটনাটি দেখে সঙ্গে থাকা চাচাতো ভাই দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে হাতিয়ায় ডুবুরি দল না থাকায় পানির নিচে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, হাতিয়ায় ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের কোনো ডুবুরি দল নেই। এ কারণে তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। কোস্ট গার্ড ঘটনাস্থলে নজরদারি চালিয়ে যাচ্ছে। বুধবার সকালে ভোলা থেকে ডুবুরি দল এসে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..