1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে জেলেদের জালে ধরা পড়লো বিশাল অজগর সাপ 

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮৫ বার পঠিত
১০৬
মৌলভীবাজার প্রতিনিধি।।
শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ ধরার জালে আটকা পড়ে  বিশাল একটি অজগর সাপ। সাপটির আকার দেখে আতঙ্কিত হয়ে জেলেরা জাল ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন।
সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে হাইল হাওরে মাছ ধরার জন্য পাতা জাল তুলতে যান স্থানীয় জেলে নবীন ও জাবেদ। এ সময় তারা দেখতে পান, তাদের জালে একটি বিশাল আকৃতির সাপ আটকা পড়ে আছে। অপ্রত্যাশিত এ দৃশ্য দেখে তারা ভীত হয়ে জালটি পানিতেই রেখে নিরাপদ স্থানে সরে যান।
পরে বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান সোনা মিয়ার নাতি কয়েছ মিয়া বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে সাপটিকে উদ্ধারের অনুরোধ জানান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। তারা ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন যে জালে আটকা পড়া প্রাণীটি একটি অজগর সাপ।
এরপর হাওরের পানিতে নেমে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার কার্যক্রম শুরু করেন তারা।পরে অজগরটিকে জালের ফাঁদ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। তারা জানান,সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ১৬ থেকে ১৭ কেজি।
উদ্ধার শেষে অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..