নেত্রকোনা জেলা প্রতিনিধি রাজিব
নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর-দেওয়ানবাজার রোডে অবস্থিত একটি ধানের গুদামে চালের টিন কেটে ভেতরে ঢুকে ২ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে ‘মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেসার্স মায়ের দোয়া ট্রেডার্সের মালিক মো: মোজাম্মেল হোসেন (সোহাগ) প্রতিদিনের ন্যায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। গভীর রাতে চোর চক্র গুদামের চালের টিন খুলে ভেতরে প্রবেশ করে। পরে ভেতরে থাকা ক্যাশ বাক্স ভেঙে নগদ ২ লক্ষ ১ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে যায়।
আজ রবিবার সকালে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার পর চালের টিন কাটা এবং ক্যাশ বাক্স ভাঙা দেখে চুরির বিষয়টি টের পান মালিক ও আশপাশের লোকজন।
প্রতিষ্ঠানটির মালিক মো: মোজাম্মেল হোসেন (সোহাগ) জানান, প্রতিদিনের ব্যবসার লভ্যাংশ ও ধান ক্রয়ের জন্য ক্যাশ বাক্সে নগদ টাকা রাখা ছিল। চোর চক্র তার ক্যাশ বাক্স ভেঙে ২ লক্ষ ১ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, জনবহুল এই রোডে এমন চুরির ঘটনায় তারা উদ্বিগ্ন। তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।