ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী সুমন শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুমন শেখ রাজবাড়ী জেলার বিনোদপুর নিউ কলোনির বাসিন্দা মো. আব্দুল আজিজ শেখের ছেলে।
জানা যায়, ২০০৮ সালে সুমন শেখের সঙ্গে রাজবাড়ীর ছোট নূরপুর লোকশেড এলাকার মোমিন শেখের মেয়ে মমতাজ বেগমের বিয়ে হয়। সুমনা ও আপন নামে তাদের দুই সন্তান রয়েছে। ফদিরপুর শহরের চরকমলাপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা। ২০১৮ সালের ১৬ আগস্ট ঐ বাসা থেকে মমতাজের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন আকলিমা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, সুমন শেখ মাদকাসক্ত এবং তার নামে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় তার দেড় বছর সাজাও হয়। এ সময়ে তার স্ত্রী মমতাজ বেগম তাকে তালাক দিয়ে বিজয় নামে অপর একজনকে বিয়ে করে। পরে সুমন জেল থেকে বের হয়ে বিজয়কে হুমকি দিলে তিনি পালিয়ে যায়। পরে আবার সুমনের সঙ্গে মমতাজের বিয়ে হয়। এরপর মমতাজকে শ্বাসরোধে হত্যা করে ঐ বাসার আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে লাশ ঝুলিয়ে রাখেন সুমন।
এ মামলায় আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে সোমবার এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট নবাবউদ্দিন মৃধা বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট।
Leave a Reply