1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সদস্য দেশগুলোর কাছে ক্ষমা চাইল ফিফা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পঠিত
৮৩

ক্রীড়া ডেস্ক :

২০৩০ বিশ্বকাপসহ বাণিজ্যিক ও ইভেন্ট সত্ত্ব বিক্রির বিতর্কিত প্রস্তাব বাতিল করার পর সদস্য দেশগুলোর কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সাথে মরক্কোয় আয়োজিত এক জরুরি সংকট বৈঠকে সভাপতি জিয়ানি ইনফান্তিনোর প্রতি নিজেদের পূর্ণ সমর্থন ও আস্থা পুনর্ব্যক্ত করেছে ফিফা ম্যানেজমেন্ট বোর্ড।

বিশ্বকাপের অংশীদারত্ব বেসরকারি খাতে বিক্রি করে প্রায় ৪.২ বিলিয়ন ডলার তোলার গোপন পরিকল্পনা ফাঁসের পর বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ফিফা। এতে করে সভাপতি হিসেবে ইনফান্তিনোর ২০৩১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল।

বৈঠকের পর ফিফা প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “ফিফা মহাসচিব এবং উপস্থিত বোর্ড সদস্যরা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর প্রতি তাঁদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। অন্যদিকে সভাপতিও নিজের রূপকল্প বাস্তবায়নে ফিফা প্রশাসনের অবদানের প্রশংসা করে তাদের প্রতি আস্থা প্রকাশ করেছেন।”

বিবৃতিতে আরও জানানো হয়, বিষয়টি যেভাবে পরিচালনা করা হয়েছিল তা সঠিক ছিল না এবং কাউন্সিল সদস্য ও সদস্য দেশগুলোকে আলোচনা থেকে বাদ দেওয়ার কোনো উদ্দেশ্য তাঁদের ছিল না। প্রক্রিয়াগত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ফিফা কাউন্সিল এবং সদস্য সংস্থাগুলোর কাছে আলাদা চিঠি পাঠানো হয়েছে।

পরিকল্পনাটি বাতিলের পর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর আমেরিকার কনকাকাফ ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছিল। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের কড়া মনোভাব সত্ত্বেও কাতার, কুয়েত, লেবানন, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশ ইনফান্তিনোর প্রতি আনুগত্য প্রকাশ করেছে। পাশাপাশি আফ্রিকান কনফেডারেশনের ৫৪টি সদস্য দেশের বড় অংশ তাঁর পাশে দাঁড়াচ্ছে।

আগামী মার্চ মাসে মরক্কোর রাবাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচন। এখন পর্যন্ত ইনফান্তিনোর বিরুদ্ধে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িয়ে না থাকায় তিনি ব্যাকফুটে গিয়েও এই সংকট সামলে উঠছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..