1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

আর্জেন্টিনা ৫ সুইজারল্যান্ড ০

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত
৩৯

ক্রীড়া ডেস্ক:
বিশ্বকাপে অনেক সময় ইতিহাস সাহস দেয়, আবার বর্তমান ফর্ম তৈরি করে অনিশ্চয়তা। আর্জেন্টিনার ক্ষেত্রেও যেন ঠিক তাই। একদিকে সুইজারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত অতীত রেকর্ড, অন্যদিকে নকআউট পর্বে টানা দুই ম্যাচে শেষ মুহূর্তের লড়াই করে জয়। তাই কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে আত্মবিশ্বাস আর সতর্কতা দুটোই সঙ্গী লিওনেল মেসিদের।

আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে এক সময় বিদায়ের শঙ্কায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল দলটি। কিন্তু শেষ সময়ে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নেয় আলবিসেলেস্তারা। সেই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্নও বেঁচে থাকে তাদের।

 

এবার শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। কলম্বিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সুইসরা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

তবে ইতিহাস বলছে, আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের কাজ মোটেও সহজ হবে না। এখন পর্যন্ত দুই দলের সাতটি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। এর মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সুইজারল্যান্ড এখনো একবারও আর্জেন্টিনাকে হারাতে পারেনি।

দুই দলের প্রথম দেখা হয়েছিল ১৯৬৬ সালের বিশ্বকাপে। সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এরপর ১৯৯০ ও ২০০৭ সালে দুই দল ১-১ গোলে ড্র করে। ২০১৪ সালের বিশ্বকাপের শেষ ষোলোতেও মুখোমুখি হয়েছিল তারা। সেবার অতিরিক্ত সময়ে করা একমাত্র গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা।

বিশ্বকাপের বাইরে প্রীতি ম্যাচেও এগিয়ে দক্ষিণ আমেরিকার দলটি। ১৯৮০ সালে সুইজারল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। ১৯৮৪ সালে তারা জেতে ২-০ ব্যবধানে, আর ২০১২ সালে ৩-১ গোলের জয়ও তুলে নেয়।

 

সব মিলিয়ে সাত দেখায় আর্জেন্টিনা করেছে ১৫ গোল, বিপরীতে সুইজারল্যান্ডের গোল মাত্র ৪টি। পরিসংখ্যান তাই স্পষ্টভাবেই মেসিদের পক্ষেই কথা বলছে।

তবে অতীতের রেকর্ড মাঠের ফল নিশ্চিত করে না। এবারের বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনাকে প্রতিটি ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে। শেষ মুহূর্তের লড়াইয়ে জয় পেলেও দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন রয়ে গেছে। অন্যদিকে আত্মবিশ্বাস নিয়ে খেলছে সুইজারল্যান্ডও।

তাই কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ইতিহাস আর্জেন্টিনার পাশে থাকলেও, মাঠের ৯০ মিনিটই ঠিক করে দেবে কে এগিয়ে যাবে বিশ্বকাপের সেমিফাইনালে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..