উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নিয়মিত মামলার আসামি এবং অপরজন দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিয়মিত মামলায় শাইরান প্রকাশ শাহীন (১৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উখিয়ার ৬ নম্বর ক্যাম্পের সি/২ ব্লকের এফসিএন ১৩৮০৯৯ নম্বরের বাসিন্দা। তাঁর পিতার নাম জাহিদ হোসেন এবং মাতার নাম আয়েশা বেগম।
অন্যদিকে, পরোয়ানামূলে নুরুল আবছার নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উখিয়া উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের বত্তাতলী, পাগলিরবিল এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম লাল মিয়া এবং মাতার নাম মরিয়ম খাতুন।
পুলিশ সূত্রে জানা যায়, নুরুল আবছারকে আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
উখিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।