টাঙ্গাইলপ্রতিনিধি :
স্বাধীনতাবিরোধী একাত্তরের রাজাকার কিংবা নব্য ফ্যাসিবাদী শক্তি কারো কাছেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেছেন, ‘ষড়যন্ত্র করে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না। পলাতক স্বৈরাচারী চক্র দেশে ফেরার পাঁয়তারা করলেও জনগণই তাদের প্রতিহত করবে।’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। জেলা বিএনপি এ মাহফিলের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণ আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। জনগণ বিএনপির ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সম্পূর্ণ নিরাপদ।’
তিনি বলেন, ‘একটি দল স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, তাদের রাজাকার বলা হয়। আরেকটি দল নব্য ফ্যাসিবাদ হিসেবে বিদায় নিয়েছে। তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে, কিন্তু তাদের কোনো অনুশোচনা নেই। একইভাবে একাত্তরে যারা রাজাকার ছিল, তাদেরও কোনো অনুশোচনা নেই। তারা দেশে ষড়যন্ত্র করলেও সফল হতে পারবে না। কারণ, ষড়যন্ত্র করে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না।’
জাতীয় ঐক্যে গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশপ্রেমকে বুকে ধারণ করে সবাইকে পথ চলতে হবে। দেশকে বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। দেশের মানুষ সঙ্গে রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ ও সজাগ থাকি, তাহলে জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই।’