কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও অন্যান্য অভিযোগে মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিও রয়েছেন। এছাড়া ১৫ দিনের কারাদণ্ড ও ৫৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) উখিয়া থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে জিআর মামলার পরোয়ানাভুক্ত দুইজন, জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন, সিআর মামলার পরোয়ানাভুক্ত দুইজন এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত একজন রয়েছেন। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকে রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে পৃথক ৯টি ওয়ারেন্ট থাকায় সেগুলো তামিল করা হয়েছে। এর মধ্যে জিআর ও সিআর মামলার পাশাপাশি সাজা পরোয়ানাও রয়েছে।
ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. রাসেল করিম উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা। অন্যদিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাবুলু বড়ুয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া রোহিঙ্গা ক্যাম্পসহ উখিয়ার বিভিন্ন এলাকার আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উখিয়া থানা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় সর্বমোট ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।