নুরুল আলম সিকদার
কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের অভিযানে সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বিভিন্ন বিটের বিট কর্মকর্তা, বন বিভাগের স্টাফ ও ইআরটি দলের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বনভূমিতে অবৈধভাবে নির্মিত সাতটি স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে আনুমানিক ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করে বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, কথিত হেডম্যান ইব্রাহীম ও তাঁর ভাই ওমর ফারুক বনভূমি অবৈধভাবে জবরদখলের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।