নুরুল আলম সিকদার
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) ও মো. ইয়াছিন (২৫)।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে টেকনাফ শাপলা চত্বরে টহলরত এসআরবি-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় জানতে পারে, ২ নম্বর ওয়ার্ডের একটি বসতঘরে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছে। পরে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পশ্চিম পাশের কক্ষের সানসেডের ওপর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে থাকা নয়টি প্যাকেট থেকে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি সিম্ফোনি বাটন মোবাইল ফোন ও একটি ভিভো ওয়াই৩৩এস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।