কানাইঘাট উপজেলা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে সিলেটের কানাইঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী কানাইঘাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল ৫টার দিকে কানাইঘাট ইউনিক কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু হয় মোটরসাইকেল শোডাউন। শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীরা এতে অংশ নেন। শোডাউনটি কানাইঘাট থানা প্রদক্ষিণ করে বাজারের প্রধান সড়ক দিয়ে দক্ষিণ বাজারের দিকে অগ্রসর হয়। এ সময় পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
পরে কানাইঘাট দক্ষিণ বাজারের মধুবনের সামনে অনুষ্ঠিত হয় পথসভা। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ এবং শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।
পৌর জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেনের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শরিফ উদ্দিন, উপজেলা নায়েবে আমীর মাস্টার মাওলানা ফয়সাল আহমদ, জামায়াত নেতা অধ্যাপক আব্দুর রহিম, উপজেলা সেক্রেটারি হাফিজ তাজ উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোখতার আহমদ, পৌরসভা নায়েবে আমীর মাওলানা সাইফুল আলম ও পৌর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুবায়ের ইউসুফ।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। এই আন্দোলনে যারা সাহসিকতার সঙ্গে ভূমিকা রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান তারা। একই সঙ্গে গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।
শহীদদের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন সামনে এসেছে, তাদের অবদান কোনোদিন ভুলে যাওয়ার নয়। বক্তারা নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পথসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।