জয়পুরহাট প্রতিনিধি:
“প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ উন নবী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক এবং সায়মা শারমিনসহ অন্যরা।
বক্তারা তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তামাকের আসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে এই ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় পরোক্ষ ধূমপানের স্বাস্থ্যঝুঁকি এবং তামাকজাত পণ্যের বিভিন্ন ধরনের বিপণন কৌশল সম্পর্কে সতর্ক করা হয়। একই সঙ্গে তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর প্রয়োগ এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান বক্তারা।
এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।