টাঙ্গাইল জেলা প্রতিনিধি,
টাঙ্গাইলের কালিহাতীতে ধানগড়া এলাকায় ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার সময় নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ইঞ্জিনচালিত নৌকায় ৫০-৬০ জন যাত্রী ছিল। নৌকাটি ডুবে গেলেও সবাই সাঁতারে পাড়ে উঠে যেতে সক্ষম হন। এ ঘটনায় কেউ আহত ও নিহত হয়নি।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার নাগবাড়ি ইউনিয়নের ধানগড়া গ্রামে এ ঘটনা ঘটে। নাগবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে ঈদের নামাজ শেষে বাড়ির ফেরার সময় ধানগড়া বংশাই নদীতে হঠাৎ করে নৌকা ডুবে যায়। পরে নৌকায় থাকা ৫০-৬০ জন যাত্রী সাঁতারে পাড়ে উঠে যায়। নৌকার যাত্রীরা ধানগড়া গ্রাম থেকে চালাসরাই গ্রামে রওনা দিচ্ছিলেন। ধানগড়া পাড়েই এ ঘটনা ঘটে। তবে কেউ আহত ও নিহত হয়নি।
নাগবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব বলেন, সকালে ঈদের নামাজ শেষে বাড়ির ফেরার সময় বংশাই নদীতে নৌকা ডুবে যায়। পরে সবাই সাঁতারে পাড়ে উঠে যায়। এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। সবাই সুস্থ আছে।