দিনাজপুর জেলা প্রতিনিধি,
আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২০ জুন) বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সব মানুষের কথা বিবেচনা করে এবারের বাজেটে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বাজেটে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কথা তুলে ধরা হয়েছে। গরিব-ধনী নির্বিশেষে সাধারণ মানুষ থেকে সরকারি কর্মচারী সবার কল্যাণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তিনি আরও বলেন, কোনো জনগোষ্ঠীকে অবহেলা করা হয়নি, আবার কাউকে অতিরিক্ত সুবিধাও দেওয়া হয়নি। সবার প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সরকারের উদ্দেশ্য হলো ধনী-গরিব, ধর্ম-বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিক যেন রাষ্ট্রের সুবিধা সমানভাবে ভোগ করতে পারেন।
মন্ত্রী বলেন, সরকার যেসব সুবিধা দেবে, সেগুলো পেতে কাউকে পাঁচটি টাকাও দিতে হবে না। সুবিধাভোগীর তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য কোনো নেতাকর্মী, চেয়ারম্যান বা মেম্বারের পেছনে ঘোরার কোন দরকার নেই।