ক্রীড়া ডেস্ক :
ইউরোপের নতুন ফুটবল মৌসুমের শুরুতেই জমে উঠছে শিরোপার লড়াই। একদিকে মহাদেশীয় ক্লাব ফুটবলের রাজা প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি), অন্যদিকে ইউরোপা লিগ জয় করে আত্মবিশ্বাসে উজ্জীবিত অ্যাস্টন ভিলা। আজ অস্ট্রিয়ার সালজবুর্গে উয়েফা সুপার কাপের ট্রফির জন্য মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় রেড বুল অ্যারেনায় শুরু হবে ম্যাচটি।
চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির সামনে এবার নিজেদের ইতিহাস আরও সমৃদ্ধ করার সুযোগ। গত বছর টটেনহামের বিপক্ষে পেনাল্টি শুটআউটে জিতে সুপার কাপের ট্রফি ঘরে তুলেছিল ফরাসি ক্লাবটি। এবারও জিততে পারলে টানা দুই মৌসুম সুপার কাপ জয়ের কীর্তি গড়া চতুর্থ দল হয়ে যাবে তারা। এর আগে আয়াক্স, এসি মিলান ও রিয়াল মাদ্রিদ এই নজির স্থাপন করেছে।
শুধু সুপার কাপ নয়, নতুন মৌসুমে পিএসজির লক্ষ্য আরও বড়। ২০২৬-২৭ মৌসুমে ছয়টি প্রতিযোগিতার সবগুলোতেই শিরোপা জয়ের স্বপ্ন দেখছে লুইস এনরিকের দল। একই সঙ্গে টানা তৃতীয়বার ইউরোপের সেরা হওয়ার পথেও এগিয়ে যেতে চায় তারা। ফলে মৌসুমের প্রথম বড় ট্রফির লড়াইটি পিএসজির জন্য বাড়তি গুরুত্ব বহন করছে।
ম্যাচটি বিশেষ হয়ে উঠতে পারে কোচ লুইস এনরিকের জন্যও। পিএসজিকে জয় এনে দিতে পারলে কোচ হিসেবে তার মোট ট্রফির সংখ্যা দাঁড়াবে ১৩-তে। এর মধ্যে উয়েফা সুপার কাপ থাকবে দুটি।
অন্যদিকে অ্যাস্টন ভিলাও ফিরতে চাইছে পুরোনো গৌরবের স্মৃতিতে। ক্লাবটির ইতিহাসে এটি মাত্র দ্বিতীয়বার সুপার কাপের মঞ্চে ওঠা। এর আগে ১৯৮২ সালে দুই লেগের ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভিলা। দীর্ঘ বিরতির পর আবারও ইউরোপের এই মর্যাদাপূর্ণ ট্রফির সামনে দাঁড়িয়ে ইংলিশ ক্লাবটি।
তবে পিএসজির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নামার আগে কিছুটা দুশ্চিন্তায় ভিলা কোচ উনাই এমেরি। দলের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজ, এজরি কনসা ও ওলি ওয়াটকিন্স এই ম্যাচে থাকছেন না। ফলে সেরা একাদশ সাজানোয় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে স্প্যানিশ কোচকে।
এমেরির জন্য ব্যক্তিগতভাবেও ম্যাচটির গুরুত্ব কম নয়। এর আগে তিনবার উয়েফা সুপার কাপের ফাইনালে কোচ হিসেবে দাঁড়িয়েছেন তিনি, কিন্তু প্রতিবারই শেষ হাসি হাসতে পারেননি। এবার তাই শুধু অ্যাস্টন ভিলার জন্য নয়, নিজের অতীতও বদলে দেওয়ার সুযোগ রয়েছে এমেরির সামনে।
সালজবুর্গের রাতের এই লড়াইয়ে তাই একদিকে পিএসজির ইতিহাস গড়ার হাতছানি, অন্যদিকে ভিলার পুরোনো সাফল্য ফেরানোর স্বপ্ন। সব মিলিয়ে নতুন ইউরোপীয় মৌসুমের প্রথম বড় ট্রফির লড়াইয়ে উত্তেজনার কমতি থাকার কথা নয়।