1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পঠিত

নাটোর প্রতিনিধি

বড়াইগ্রামের বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ ১৪ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনার পরই সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা প্রশাসক সুমনী আক্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হুইপ নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটিতে পুলিশ সুপার, ইউএনও এবং বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জসহ অন্যদের রাখা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, ভোরে নাটোর থেকে আসা বালুবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট ২২-৬২০৬) সঙ্গে পটুয়াখালীর কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাস ‘আরপি স্পেশাল’-এর (ঢাকা মেট্রো ব ১২-৪৪৪৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জন মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে পাঠায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোহেল রানা (৪০), বাগমারা উপজেলার আনোয়ারুল হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার শহীদুল ইসলাম (৪৫) ও তার মেয়ে তাছফিয়া খাতুন (৮), শরীয়তপুরের জাজিরা উপজেলার জুয়েল (৪০), সোহাগ শিকদার (৩০), আব্দুস সালাম মোল্লা (৪৬), আব্দুস সামাদ ফকির (৭০) ও শাহীন আহমেদ (৩২), ঝিনাইদহ সদর উপজেলার ট্রাকচালক আবু কালাম (৫৫), নওগাঁর সাপাহার উপজেলার রাসেল (৩৩) এবং ফরিদপুর সদর উপজেলার হিমেশ জমাদার (৩৫)।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, সড়কটি সরু। বেপরোয়া গতিতে অসতর্ক হয়ে গাড়ি চালানোই এই দুর্ঘটনার প্রধান কারণ। নিহতদের লাশ পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গগত, ঠিক ১২ বছর আগে ২০১৪ সালের ২০ অক্টোবর বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছিলেন। ১২ বছর পর একই দিনে আবারও এমন প্রাণহানির ঘটনায় উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..