মোঃ মাসুম রেজা, জয়পুরহাট পাঁচবিবি প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ) সকাল ১০টায় পাঁচবিবি উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশফিয়া তাসরিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মণ্ডল, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন এবং কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা বেগম।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য উৎসাহিত করা হয়।