বরিশাল জেলা প্রতিনিধি,
বরিশাল নগরীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৯ জন নেতাকর্মীসহ ৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকাল থেকে শনিবার (২০ জুন) সকাল পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
শনিবার (২০ জুন) বিএমপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১৩ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, ৫৭ জন নিয়মিত মামলার আসামি, বরিশাল মহানগর অধ্যাদেশে ছয়জন এবং অন্যান্য আইনে একজন রয়েছেন।
পুলিশের একটি সূত্র জানায়, গ্রেফতার হওয়া ১৯ জনই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী। তাদের মধ্যে রয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন শাহীন, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও মহানগর আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন আহমেদ, জাগুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল মাঝি, ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বাপ্পি খান, যুবলীগ সদস্য জনি হাওলাদার, ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য রাতুল হাওলাদারসহ আরও অনেকে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানাতে নগরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।