মোঃ মাসুম রেজা
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় ৬৯টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দুর্গাপূজা ও প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন করেন। এ সময়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাট ও দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ৫৪টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত আরও ১৫টি পূজামণ্ডপসহ মোট ৬৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়। বিজিবির এ নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নির্বিঘ্নে দুর্গাপূজা ও প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বদা সচেষ্ট। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।
তিনি আরও বলেন, বিজিবির গৃহীত নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, ২২ অক্টোবর রাত ১০টা পর্যন্ত জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।