এস এম আবদুল বারেক :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের ঐতিহাসিক জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে তিনি রহমতগঞ্জের জে এম সেন হল প্রাঙ্গণে পৌঁছান।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা উলুধ্বনি ও করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান। এ সময় তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমালসহ সংশ্লিষ্ট নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
জে এম সেন হলে গত ৪০ বছর ধরে দুর্গাপূজার আয়োজন করে আসছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর। আয়োজকদের দাবি, এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী এই পূজামণ্ডপ পরিদর্শন করলেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়।
জে এম সেন হল চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী পূজাকেন্দ্র। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এখানে প্রতিবছর সাংস্কৃতিক আয়োজনও অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পূজামণ্ডপটি অসাম্প্রদায়িক সম্প্রীতির মিলনস্থলে পরিণত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে রংপুর ও রাজশাহীর পূজামণ্ডপও পরিদর্শন করেন। চট্টগ্রাম সফর শেষে তাঁর চট্টগ্রাম সার্কিট হাউজে যাওয়ার কথা রয়েছে। এরপর তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন।
এর আগে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে জে এম সেন হল ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। নগরজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমও জোরদার করা হয়।