গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৯ নম্বর হরিরামপুর ইউনিয়নের ১৭টি পূজামণ্ডপ রাতভর পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম প্রধান (বিপ্লব)। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান অসহায় ও দরিদ্র হিন্দু সম্প্রদায়ের মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিয়নের গ্রামপুলিশ সদস্যদের মাধ্যমে নিরাপত্তা সহযোগিতা প্রদান করেন।
চেয়ারম্যান বিপ্লব বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার সারা দেশে অর্থনৈতিক কার্যক্রম ও নিরাপত্তাব্যবস্থা জোরদারে কাজ করছে। দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
রাতভর পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে চেয়ারম্যানের এ উদ্যোগে স্থানীয়ভাবে পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে।