1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

ভয়াবহ আগুন কানাডায় সেনাঘাঁটিতে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি। তবে আগুনে কয়জন মারা গেছেন বা আহত হয়েছেন, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

এক সংবাদ সম্মেলনে ম্যাকগুইন্টি বলেন, কানাডীয় সশস্ত্র বাহিনী স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘অত্যন্ত নাজুক’ বলে বর্ণনা করেছেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্স বার্তায় লিখেছেন, একটি ‘গুরুতর ঘটনায় বড় ধরনের অগ্নিকাণ্ড’ ঘটেছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই সব সাহসী নারী ও পুরুষের প্রতি আমার সমবেদনা রইল।

যেখানে আগুন লেগেছে, সেই ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’ দেশটির অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ ঘাঁটি।

কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) জানিয়েছে, এই ঘাঁটিতে সরাসরি গোলাবারুদ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে সাধারণ সময়ে ৬৯০ জন সামরিক এবং ৩০০ জন বেসামরিক কর্মী কর্মরত থাকেন।

ওয়েনরাইট মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট জানিয়েছে, শনিবারের আগুন তীব্র বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘাঁটির সীমানা ভেদ করে বাইরে চলে আসে।

ম্যাকগুইন্টি সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক অতীতে এমন ঘটনা ঘটেছে বলে আমার মনে পড়ে না।’

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ বলেছেন, এই গুরুতর ও মর্মান্তিক অগ্নিকাণ্ড প্রদেশের অনেক সাহসী সামরিক সদস্যের ওপর প্রভাব ফেলেছে।

তিনি আরও জানান, পরিস্থিতি সামাল দিতে এবং তদন্তের জন্য প্রাদেশিক কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে।

ঠিক কখন আগুন লেগেছিল তা স্পষ্ট নয়, তবে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে কর্তৃপক্ষ প্রথম এই ঘটনা সম্পর্কে তথ্য প্রকাশ করে।

স্থানীয় প্রশাসন বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার এবং জরুরি পরিষেবার যানবাহন চলাচলের জন্য পথ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..