রাহাতুজ্জামান কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি :
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার কাঁঠালিয়া সদর ইউনিয়নের জয়খালী গ্রামে জরাজীর্ণ ও ভাঙাচোরা একটি ঘরে পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্কে দিন-রাত কাটাচ্ছেন অসহায় আইনুল আকন।
সরেজমিনে জয়খালী গ্রামে গিয়ে দেখা যায়, বাঁশ, গোলপাতা আর পলিথিনে মোড়ানো নড়বড়ে একটি ঝুপড়ি ঘরে ৬ সদস্যের পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। ঘরটির কাঠামো এতটাই দুর্বল যে এটি যেকোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সামান্য ঝড়-বৃষ্টি হলেই চাল বেয়ে পানি পড়ে ঘরের ভেতরের সবকিছু ভিজে যায়, আর রোদের দিনে পলিথিনের তাপে ভেতরে অবস্থান করা অসম্ভব হয়ে পড়ে।
অভাব-অনটনের সংসারে ৬ জন সদস্যের আহার জোগাতেই হিমশিম খেতে হচ্ছে আইনুল আকনকে। ফলে মাথার ওপর ভাঙা ছাদটি সংস্কার বা একটি নতুন ঘর তৈরি করার মতো ন্যূনতম আর্থিক সামর্থ্য তাঁর নেই। ঝড়-বৃষ্টির রাতে কখন ঘরটি ভেঙে পড়ে—সেই আতঙ্কে পুরো পরিবার নির্ঘুম রাত কাটায়।
নিরাপদে পরিবার নিয়ে বসবাসের জন্য একটি শক্ত ছাদ ও টেকসই আশ্রয়ের আকুল আকুতি জানিয়েছেন অসহায় আইনুল আকন। পরিবারটিকে একটি নিরাপদ আশ্রয় দিতে স্থানীয় প্রশাসন ও সমাজের হৃদয়বান বিত্তবানদের প্রতি আশু সহায়তার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।