সিলেটপ্রতিনিধি
দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে সিলেট বাংলাদেশ মেরিন একাডেমি সিলেট পালন করেছে ‘বিশ্ব নৌ দিবস’। ‘নীতি থেকে বাস্তবায়ন: মেরিটাইম উৎকর্ষকে শক্তিশালী করা’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সিলেটের বাদাঘাটস্থ মেরিন একাডেমিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
দিবসের শুরুতে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। বিকালে একাডেমির অডিটোরিয়ামে আইএমও মহাসচিবের বাণী প্রচার, সিলেটে নৌ-প্রশিক্ষণের প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্য সমুদ্রপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই নিরাপদ নৌপথ, আধুনিক বন্দর ব্যবস্থাপনা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি বৈশ্বিক মেরিটাইম সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। মেরিন ক্যাডেটদের পেশাগত যোগ্যতা-সততা ও শৃঙ্খলা নিয়মনিষ্ঠা এ তিনটি বিষয়ে জোর দিতে হবে। তাহলে তাদের আগামী মেরিন যাত্রা পথ সুগম ও সুন্দর হবে।’
সমাপনি বক্তব্যে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের কমান্ড্যান্ট নৌ-প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, বিশ্ব বাণিজ্যের প্রায় ৮০ শতাংশই সমুদ্রপথে মেরিনারদের নিরলস প্রচেষ্টায় পরিচালিত হচ্ছে। কিন্তু সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বিভিন্ন সংকটের কারণে গুরুত্বপূর্ণ এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় রাখতে মেরিনারদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।