1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ শান্তিগঞ্জে ৩ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে টাস্কফোর্স ও বিজিবি। সোমবার ভোরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি মালিকবিহীন কাভার্ড ভ্যান থেকে ২ হাজার ৬৮৪টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত দিয়ে ভারতীয় পণ্যের একটি চালান সড়কপথে পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ভোরে অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিজিবির সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান চলাকালে মহাসড়কে থাকা একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। ভ্যানের ভেতরে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি পাওয়া গেলেও সেটির সঙ্গে কোনো চালক বা মালিককে পাওয়া যায়নি। পরে শাড়িসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় চোরাচালান চক্রের তৎপরতা বেড়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় অবৈধ পণ্য পাচারের সময় টাস্কফোর্সের সহায়তায় বিজিবি এ অভিযান পরিচালনা করে।

তিনি জানান, মালিকবিহীন কাভার্ড ভ্যান থেকে ২ হাজার ৬৮৪টি ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি উদ্ধার করা হয়েছে। এসব শাড়ির আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা। জব্দ করা পণ্য ও কাভার্ড ভ্যানের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ পথে ভারতীয় পণ্য প্রবেশ বন্ধে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগও চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..