কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা বাজারের স্বর্ণ ব্যবসায়ী মহাদেব চন্দ্র দেবনাথের ৩৫ লাখ টাকা লুটের দুই সপ্তাহ অতিবাহিত হলেও এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত মামলা নেয়নি। উদ্ধার হয়নি লুট হওয়া স্বর্ণ। পুলিশ দাবি করেছে, সিসিটিভির ফুটেজ দেখে গাড়ি শনাক্ত করা হয়েছে। তবে ঘটনাস্থল নিয়ে বিভ্রান্তি রয়েছে।
ওই ব্যবসায়ীর অভিযোগ, গত ১ নভেম্বর তিনি ঢাকার তাঁতী বাজার থেকে স্বর্ণ বিক্রি করে সন্ধ্যায় সায়েদাবাদ জনপথ মোড় থেকে বাসে উঠেন। তাঁদের বহনকারী বাসটি সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় পৌঁছলে ডিবি পুলিশ পরিচয়ে বাসের গতিরোধ করে একটি মাইক্রোবাস।
এ সময় ঢাকা মেট্রো-চ-১৯-৮৩৫৬ নম্বরের সাদা রঙের মাইক্রোবাস থেকে নেমে গায়ে ডিবি পুলিশের পোশাক ও হাতে ওয়াকিটকি নিয়ে বাসে উঠেন ৮-১০ জন সশস্ত্র যুবক। তারা অস্ত্রের মুখে ওই স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর কর্মচারীকে নামিয়ে মাইক্রোবাসে তোলেন এবং পরে তাঁদের সঙ্গে থাকা নগদ ৩৫ লক্ষ টাকা লুট করে নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
ওই ব্যবসায়ী জানান, পরদিন দাউদকান্দি টোল পল্গাজায় গিয়ে ওই মাইক্রোবাসের ভিডিও ফুটেজ সংগ্রহ করে গজারিয়া থানায় গিয়ে অভিযোগ করেন। গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন জানান, তাঁরা মাইক্রোবাসের মালিককে চিহ্নিত করেছেন। তবে গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলীর দাবি, ঘটনাস্থল তাঁর এলাকায় না। ভুক্তভোগী ওই ব্যবসায়ী সুনির্দিষ্টভাবে ঘটনাস্থল দেখাতে পারেননি। তাই মামলা নিতে বিলম্ব হচ্ছে।
Leave a Reply