নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের বাসন থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ মার্চ দিন ধার্য করা হয়েছে। এর ফলে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত।
এ মামলার অপর আসামি হলেন হাফেজ মাসুম বিল্লাহ।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে রফিকুল ইসলামের আইনজীবী মো. ফজলে রাব্বী বলেন, তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। তবে তিনটি মামলায় জামিন পেয়েছেন তিনি।
২০২১ সালের ৭ এপ্রিল ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নেত্রকোণার নিজবাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি ফোনের মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন বলে দাবি করেছে র্যাব।
এরপর ওই বছরের ১১ এপ্রিল তার বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মো. মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি। মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে মানহানিকর তথ্য প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে। একই বছরের ২০ সেপ্টেম্বর এ মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. সাখাওয়াত হোসেন।
Leave a Reply