চাঁপাইনবাবগঞ্জপ্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হাতবোমার বিস্ফোরণে জিয়ারুল (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (২৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারয়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিয়ারুল ইসলাম একই এলাকার কসিমুদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন ধরে সুন্দরপুর এলাকায় স্থানীয় মেম্বারদের দুটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছে। রোববার দুপুরেও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। এতে জিয়ারুল পিঠে বোমা লেগে গুরুত্বর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন জলি খাতুন বলেন, জিয়ারুল ইসলাম ঢাকায় রাজমিস্ত্রির কাজ করত। ঈদের ছুটিতে বাড়ি বেড়াতে আসে। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। গন্ডগোল দেখতে গিয়ে বোমার আঘাতে মারা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজির আহমেদ বলেন, জিয়ারুল ইসলাম হাসপাতালে আসার আগেই মারা যান। পিঠে বোমার আঘাত রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বোমাবাজিতে এক যুবক নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Leave a Reply