মোঃ ফয়সাল! রাঙামাটি জেলা প্রতিনিধি :
রাঙ্গামাটি শহরের আসামবস্তি–তবলছড়ি সড়কের বেহাল দশা ও দ্রুত সংস্কারের দাবিতে অবরোধ করেছেন সিএনজিচালক ও স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা এ অবরোধ কর্মসূচি চলে।
সড়কের বিভিন্ন স্থানে ছোট ছোট গর্ত ও খানাখন্দের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে স্বর্ণটিলা কবরস্থান-সংলগ্ন সড়ক এবং আসামবস্তি নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে প্রাণিসম্পদ অধিদপ্তর পর্যন্ত অংশকে বেশি ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন তাঁরা।
স্থানীয়দের ভাষ্য, সড়কের ছোট ছোট গর্ত এখন বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। সময়মতো সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিদিন এ সড়ক দিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, পর্যটক ও সাধারণ মানুষ চলাচল করেন। ফলে সড়কটির বেহাল অবস্থা জনদুর্ভোগের পাশাপাশি জননিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে।
সড়ক সংস্কারের দাবিতে অবরোধে অংশ নেন সিএনজিচালক ও তবলছড়ি থেকে আসামবস্তি এলাকার সাধারণ মানুষ। তাঁদের দাবি, গুরুত্বপূর্ণ এ সড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কার করে যানবাহন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করলেও এর ঝুঁকিপূর্ণ অবস্থার স্থায়ী সমাধান হচ্ছে না। দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই সড়ক সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন তাঁরা।
এ অবস্থায় জনদুর্ভোগ কমানো ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে দ্রুত সড়ক সংস্কার এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন চালক ও এলাকাবাসী।