মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ক্রেতা সেজে জুয়েলারি দোকান থেকে ৩৯ ভরি রুপা চুরির অভিযোগে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারের স্বর্ণ মার্কেটে অবস্থিত বাংলাদেশ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া গ্রামের সামিয়া (২৫) ও রাফসানা আক্তার (২৩) এবং চট্টগ্রামের চান্দগাঁও উপজেলার সিএমবি বাদাতলী মোড় এলাকার জারিফ (৩৫)।
দোকানমালিক বাবুল হোসেন জানান, সকালে দোকান খোলার পর দুই নারী ও এক পুরুষ ক্রেতা পরিচয়ে দোকানে প্রবেশ করেন। তাঁরা সোনা ও রুপার গহনা কেনার কথা বলে বিভিন্ন অলংকার দেখতে চান। এ সময় গহনা দেখাতে ব্যস্ত থাকার সুযোগে দোকান থেকে ৩৯ ভরি রুপা নিয়ে তাঁরা চলে যান বলে অভিযোগ করেন তিনি।
পরে রুপা খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তাঁদের খোঁজ শুরু করেন দোকানমালিক। একপর্যায়ে উপজেলার বলধারা একের মোড়ে রুপাসহ ওই তিনজনকে আটক করেন স্থানীয়রা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি পুলিশের প্রক্রিয়াধীন বলে জানা গেছে।