ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম্য আধিপত্যকে বিস্তার করে শিশু মিয়া ও হোসেন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছিলো।
গতকাল সোমবার রাতে পূর্ববিরোধের জের ধরে স্থানীয় বাছির মেম্বারের বাড়িতে এক পক্ষের হামলার ঘটনাকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের লোকজন সকাল ১০টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় বাজারের বেশ কয়কটি দোকানে লুটপাট চালানো হয়।
হোসেন গ্রুপের সমর্থক আহমেদ হোসেন অভিযোগ করে বলেন, বাজারে আমাদের লোকজনের ওপর শিশু মিয়া গ্রুপের সশস্ত্র লোকজন প্রথমে অতর্কিত হামলা চালায়। আমরা তখন প্রতিরোধের চেষ্টা করলে তারা বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী যুগ-যুগান্তর’কে বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।