1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত
১১৬

ইকবাল বাহার,

কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কানাইঘাট উপজেলায় সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজ (টিএসসি) এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের দাবি জানানো হয়। এছাড়া চলতি মাসের শুরুতে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্য দাবির পাশাপাশি কারিগরি প্রতিষ্ঠান স্থাপনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এমপি মহোদয়ের প্রচেষ্টা এবং সচেতন মহলের দাবির পরিপ্রেক্ষিতে টিটিসি স্থাপনের বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।

জানা যায়, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান জাতীয় সংসদে এক তারকা চিহ্নিত প্রশ্নের মাধ্যমে জানতে চান, তাঁর নির্বাচনী এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলার কোনো পরিকল্পনা রয়েছে কিনা এবং থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন হবে।

এর জবাবে মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী জানান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অধীনে বর্তমানে “৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন” শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে। তবে এই প্রকল্পের আওতায় কানাইঘাট কিংবা জকিগঞ্জ বর্তমানে অন্তর্ভুক্ত নয়। তা সত্ত্বেও তিনি আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে জেলার অন্যান্য উপজেলাতেও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ করা সম্ভব হবে। ফলে সংশ্লিষ্ট মহলের মতে, প্রচেষ্টা অব্যাহত থাকলে কানাইঘাট ও জকিগঞ্জে শিগগিরই টিটিসি স্থাপনের সম্ভাবনা তৈরি হবে।

কানাইঘাট ও জকিগঞ্জের তরুণ সমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে এই অঞ্চলে কারিগরি শিক্ষার প্রসার সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, গত মাসে কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত সেমিনার শেষে একটি পূর্ণাঙ্গ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও টিটিসি স্থাপনের দাবি সংবলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সিলেট-৫ আসনের সংসদ সদস্যের কাছে প্রদান করা হয়।

তবে সংশ্লিষ্ট মহলের দাবি, কেবল টিটিসি নয়, কানাইঘাটে একটি সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজও প্রতিষ্ঠা করা প্রয়োজন। তাদের মতে, প্রবাসী অধ্যুষিত এবং বিপুল তরুণ জনগোষ্ঠী সমৃদ্ধ এই উপজেলায় স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক কারিগরি শিক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজ স্থাপন অত্যন্ত জরুরি। এর মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় থেকেই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের বিস্তৃত সুযোগ লাভ করতে পারবে।

এই ব্যাপারে কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এহসানুল হক জসীম বলেন, এই দাবিকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের পক্ষ থেকে জোরালো প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন। একই সঙ্গে সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের স্বার্থে সরকার দ্রুত কানাইঘাট ও জকিগঞ্জে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে— এমন প্রত্যাশা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..