বগুড়া জেলা প্রতিনিধি,
ঈদে ফাঁকা সড়কে তিন মোটরসাইকেলের বেপরোয়া গতি, সংঘর্ষে নিহত ২ বন্ধু
বগুড়ার শেরপুর ধুনট আঞ্চলিক সড়কে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শুভগাছা আকন্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন শেরপুর পৌর শহরের উলিপুরপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে আবু রায়হান (১৮)। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
নিহত অপরজনের নাম তামিম হোসেন (১৮)। তিনি উপজেলার শেরুয়া বটতলা এলাকার ফুলতলা গ্রামের প্রবাসী নান্নু মিয়ার ছেলে। তামিম শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন মো. রাজন, মো. সিয়াম, মো. হাসান ও ছামির। তারা সবাই একে অপরের বন্ধু বলে জানা গেছে। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষ দর্শী রঞ্জু মিয়া বলেন, ঈদের দিন সড়ক তুলনামূলক ফাঁকা থাকায় মোটরসাইকেলগুলো দ্রুতগতিতে চলছিল। রাত ৮টার দিকে ধুনট থেকে শেরপুরগামী দুটি মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোছা. দিলরুবা বলেন, হাসপাতালে নেওয়ার পর আবু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। আহত অপর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে নেওয়ার পথেই তামিম হোসেন মারা যান।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ বলেন, দুর্ঘটনাকবলিত তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।