1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

উখিয়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ‘সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়ে তুলতে হবে’, উখিয়ায় মডেল মন্দির প্রতিষ্ঠার আশ্বাস

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

 

উখিয়া প্রতিনিধি  সরোয়ার আলম

ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। একই সঙ্গে উখিয়া উপজেলায় একটি মডেল মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উখিয়া সদর বাজারসংলগ্ন দারোগা বাজার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, “পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারে ধর্ম নিয়ে সংঘাত চলছে। কিন্তু আমাদের বাংলাদেশে কোনো সংঘাত নেই; বাংলাদেশ সম্প্রীতির দেশ।”

তিনি আরও বলেন, উখিয়া উপজেলায় একটি মডেল মন্দির প্রতিষ্ঠার কথা তিনি আগেও বলেছিলেন। সেই উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করে তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল সিকদার, উখিয়া কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আবছারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পূজামণ্ডপ ঘিরে জোরদার নিরাপত্তা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উখিয়া সদর পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন থানা পুলিশের মোবাইল টিম, আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশের সদস্যরা। এ ছাড়া হারাশিয়া পূজামণ্ডপ, রাজাপালংয়ের কাশিয়ারবিল বিষ্ণু মন্দির ও কাশিয়ারবিল হরি মন্দিরসহ বৃহত্তর হিন্দু অধ্যুষিত শর্মাপাড়া ও ধুরুমখালী এলাকার পূজামণ্ডপগুলোতেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

পূজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে উখিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই সংশ্লিষ্টদের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..