ইআন্তর্জাতিক ডেস্ক :
সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলে আরামকো পরিচালিত একটি তেলক্ষেত্রে ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সৌদির সঙ্গে চলমান সংঘাতের জেরে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে আসা একটি ড্রোন সফলভাবে প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে একজন ফিলিপাইন ও একজন নেপালি নাগরিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে আহতদের মধ্যে একজন পাকিস্তানি ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
গত মাসে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের একটি ড্রোন বাধাগ্রস্ত হওয়ার পর তার ধ্বংসাবশেষের আঘাতে সৌদি আরবে বসবাসরত এক ইয়েমেনি নাগরিক নিহত হন।
সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার ঘটনায় সেখানে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
হুতি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ায় চার বছরের যুদ্ধবিরতি ভেঙে গেছে। ইয়েমেনে এই সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও ঘনীভূত করে তুলেছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মাসে হুতিদের একাধিক হামলার পর ১০ অক্টোবর থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে বুধবার অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
ফ্লাইটঅ্যাওয়ার-এর তথ্য অনুযায়ী, সৌদিয়া এবং ফ্লাইনাস এয়ারলাইন্স সেখানে ফ্লাইট পরিচালনা করছে। তবে লুফথানসা ও এয়ার ফ্রান্সসহ বড় বড় এয়ারলাইন্সগুলো নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত তাদের পরিষেবা বাতিল করেছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস