চট্টগ্রামপ্রতিনিধি
মালয়েশিয়ায় কর্মসংস্থানের নামে আবারও ২৫ জনের সিন্ডিকেট তৈরি করা হয়েছে এবং এতে সরকারের উচ্চপর্যায়ের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এনসিপির এই শীর্ষ নেতা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্ত বেতন দিয়ে ১৫ দিন চলাও অসম্ভব হয়ে পড়েছে। অথচ পে-স্কেল বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে। তিনি আগামী মাস থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের জোরালো দাবি জানান। এ ছাড়া বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও চট্টগ্রামের স্বাস্থ্য খাত ও সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আগামী স্থানীয় নির্বাচনে এনসিপি প্রতিটি আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার অভিযোগ করেন, সরকার নির্বাচনের আগে নানা সংকট সমাধানের কথা বললেও দায়িত্ব নেওয়ার পর দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির বিপরীতে বহু কারখানা বন্ধ হয়ে গেছে। জনগণের স্বার্থ রক্ষায় ব্যর্থ হলে সরকার রাজপথে কঠোর কর্মসূচির মুখে পড়বে বলে তিনি হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।