তানিয়া ইসলাম
টাঙ্গাইলের মধুপুরে অপহরণের শিকার ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ঢাকার উত্তরা থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত মো. নাঈম (২২)কে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, নাঈম ও ভিকটিম পরস্পরের প্রতিবেশী। বিভিন্ন প্রলোভনের মাধ্যমে নাঈম ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২৬ অক্টোবর ২০২৫ সকালে পরীক্ষা দিতে মাদ্রাসায় যাওয়ার পথে সহযোগীদের সহায়তায় তাকে ফুসলিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মধুপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা করেন। মামলাটি ৩ নভেম্বর ২০২৫ তারিখে দায়ের করা হয়।
মামলা দায়েরের পর থেকেই র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ২০ আগস্ট ২০২৬ দুপুরে র্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল এবং র্যাব-১-এর সিপিসি-২, উত্তরা যৌথ অভিযান চালিয়ে উত্তরা এলাকা থেকে নাঈমকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তার হেফাজত থেকে অপহৃত মাদ্রাসাছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।