চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী বাঁশখালী থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম-এর নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হকের তত্ত্বাবধানে থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তর জলদি এলাকার সুশীল কান্তি ধর (৫০), আমিরঘোনা এলাকার মোঃ তারেক (২০), উত্তর জলদি এলাকার মোঃ ইমন (১৯), শেখেরখীল এলাকার ইছহাক (৫২), উত্তর জলদি এলাকার ওবাইদুল (২৫), শেখেরখীল এলাকার সুধারাম দেব (৫৬), বাহারছড়া এলাকার মোঃ আনিছ (২২), ইলশা এলাকার মোঃ রোকন (২৬) এবং বাহারছড়া এলাকার মোঃ শিহাব (৩২)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক প্রত্যেককে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হলে তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।