1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

হরিরামপুর থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন নিখোঁজ, তদন্ত কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর থানা পুলিশের অস্ত্রাগার থেকে সরকারি ৯ এমএম পিস্তল ও একটি ম্যাগাজিন নিখোঁজের ঘটনা সামনে এসেছে। অস্ত্র ও গোলাবারুদের হিসাব যাচাই করতে গিয়ে গত ৩ অক্টোবর বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত জুনে বিশেষ দায়িত্ব পালনের জন্য হরিরামপুর থানা থেকে একটি পিস্তল নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে যান পুলিশের উপপরিদর্শক (এসআই) বাসার। পরে তিনি অস্ত্রটি এসআই জয়নালের কাছে হস্তান্তর করেন। এরপর জয়নাল সেটি কনস্টেবল হারুনের কাছে বুঝিয়ে দেন বলে অস্ত্র হস্তান্তরের রেজিস্ট্রারে উল্লেখ রয়েছে।
রেজিস্ট্রার খাতায় পিস্তলটি জমা দেখানো হলেও পরবর্তী সময়ে বাস্তবে অস্ত্রটির সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
থানার অস্ত্রাগারের দায়িত্বে থাকা এসআই এমদাদুল হক বলেন, অস্ত্র ইস্যু ও জমা নেওয়ার কাজ মূলত কনস্টেবল আবুল কালাম করে থাকেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম মুঠোফোনে বলেন, দায়িত্ব গ্রহণের সময় কাগজপত্র বুঝে নিলেও পরে সরেজমিনে হিসাব যাচাই করতে গিয়ে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া যায়নি। খোঁজাখুঁজি করেও সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী মুঠোফোনে বলেন, পিস্তল ও ম্যাগাজিন নিখোঁজের ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..