নিজস্ব প্রতিবেদক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)
শুধু আমলা নির্ভরতার কারণেই সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৯ আগস্ট) সকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং সত্যিকার অর্থেই জনগণের জীবন-জীবিকাকে বিপন্ন করেছে। আমরা প্রথম থেকে সরকারকে বলেছিলাম যে, একটা জাতীয় কনভেনশন করে অথবা সমস্ত রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, সব সামাজিক সংগঠন, এনজিওগুলোর সমন্বয়ে একটা কমিটি গঠন করা হোক, যাতে জনগণকে সম্পৃক্ত করে করোনা মোকাবিলা করা যায়। দুর্ভাগ্য আমাদের যে, এই সরকার এটাতে কর্ণপাতই করেনি।’
লকডাউনের নামে তামাশা করা হয়, অভিযোগ করে তিনি বলেন, ‘সরকার লকডাউন দেয়। কীসের লকডাউন, কেউ বুঝতে পারি না আমরা? কখনো বলে লকডাউন, কখনো বলে সরকারি ছুটি, কখনো বলে কঠোর লকডাউন, কখনো বলে আরও কঠোর লকডাউন। এই যে একটা অবস্থা তৈরি করেছে—তামাশা। তাদের কাছে মানুষের জীবন-জীবিকা একটা তামাশা।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের প্রয়াত সদস্য ফজলুর রহমান পটলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে তার পরিবার। আলোচনা সভার পর প্রয়াত নেতার সহধর্মিনী কামরুন্নাহার শিরিনসহ তার সন্তানদের তত্ত্বাবধানে নাটোরের লালপুর-বাগাতিপাড়ায় স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।
Leave a Reply